পুঁজিবাজারের কারসাজি রোধে কার্যকর নজরদারি চায় বিএসইসি

আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৭:৪৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৭:৪৪:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও শক্তিশালী করাসহ সব ধরনের অনিয়ম-কারসাজি প্রতিরোধে কার্যকর নজরদারির নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে ডিএসইর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক, মুখপাত্র মো. আবুল কালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ভারপ্রাপ্ত চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন, বাজার তদারকি ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পুঁজিবাজারে সব ধরনের অনিয়ম ও কারসাজি প্রতিরোধে কার্যকর নজরদারি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়। ডিএসইর পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে বাজার কারসাজি প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ তুলে ধরা হয়।
বিএসইসি জানায়, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর পুঁজিবাজার গড়ে তুলতে বিএসইসি বদ্ধপরিকর।
পুঁজিবাজার কারসাজি প্রতিরোধে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল-টাইম সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় দেশের পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :