মাথা ঝুঁকিয়ে স্পিকারের প্রতি সম্মান জানাতে হবে না : স্পিকার

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৭:০০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৭:০০:২৫ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   জাতীয় সংসদে অধিবেশনকক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাতে হবে না বলে স্পষ্ট করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এই সিদ্ধান্ত দেন তিনি।
গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনুরোধ জানান।
তিনি আপত্তি তুলে বলেছিলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর এই রীতি ইসলামের সঙ্গে ‘সাংঘর্ষিক’ এবং তা ‘শিরকের কাছাকাছি চলে যায়’। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছিলেন, সংসদের কার্যপ্রণালি বিধি দেখে বিষয়টি পরে সংসদকে জানানো হবে।
আজ এ বিষয়ে রুলিং দিতে গিয়ে স্পিকার বলেন, ‘জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ অনুযায়ী, সংসদের বৈঠক চলাকালে সংসদে প্রবেশ করার বা সংসদকক্ষ ত্যাগ করার সময় এবং আসন গ্রহণ বা ত্যাগ করার সময় কোনো সদস্য সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।’
স্পিকার বলেন, অষ্টম সংসদে বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেয়া হয়। 
তিনি বলেন, আমি পরীক্ষা করে দেখেছি, অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধিসংক্রান্ত স্থায়ী কমিটি সংসদে একটি প্রতিবেদন উপস্থাপন করে, যা পরে সংসদে বিবেচিত ও গৃহীত হয়। এর মধ্যে ২৬৭ (১) বিধির সংশোধনী অন্তর্ভুক্ত ছিল।
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ঝুঁকিয়া শব্দটি বাদ দেয়া হয়েছে, সেহেতু আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।’

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72