ব্রাজিলের বিপক্ষে গোল করে ৫৫ মিলিয়ন ইউরোতে বায়ার্নে সাইবারি

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৬:৫৩:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৬:৫৩:২৬ অপরাহ্ন
  বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:   বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে করা দুর্দান্ত গোলটি যেন সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে ইসমাইল সাইবারির জন্য। ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে ২৫ বছর বয়সী এই মরোক্কান স্ট্রাইকারকে এবার দলে ভেড়াচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
দলবদলের বাজারের বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মরোক্কান তারকার সার্ভিস পেতে বায়ার্ন মিউনিখকে গুনতে হচ্ছে ৫৫ মিলিয়ন ইউরো।
বিশ্বকাপের মাঝেই যুক্তরাষ্ট্রে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে, এরপর বায়ার্নের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে। বায়ার্নের প্রধান চিকিৎসক ইয়োখেন হানে বর্তমানে জার্মান জাতীয় দলের দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন, ফলে মেডিকেলের পর পুরো প্রক্রিয়াটি বেশ সহজেই সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।
গত মৌসুমে ডাচ লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাইবারী। পিএসভির হয়ে টানা তিনবার লিগ শিরোপা জেতা এই তারকা গত তিন মৌসুমে ৪২টি গোল করার পাশাপাশি ২৯টি অ্যাসিস্টও করেছেন।
অন্যদিকে, ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে মরক্কো জাতীয় দলের জার্সিতে ২৯ ম্যাচে তার গোলসংখ্যা ছিল ৯টি।
২৫ বছর বয়সী এই প্রতিভাবান খেলোয়াড়ের বেড়ে ওঠা বেলজিয়ামে। ফুটবলের হাতেখড়ি হয় দেশটির শীর্ষ দুই ক্লাব আন্ডারলেখট এবং জেঙ্ক-এর বয়সভিত্তিক দলে। এরপর ক্যারিয়ারের এক পর্যায়ে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেনের 'বি' দলে যোগ দেন সাইবারী। সেখানে আলো ছড়িয়ে জায়গা করে নেন মূল দলে, আর এরপর মরক্কো জাতীয় দলেও নিজের যোগ্যতা প্রমাণ করেন।
চলতি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বর্তমানে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাইবারীর মরক্কো। নিজেদের পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। এরপর ২৫ জুন (বৃহস্পতিবার) একই সময়ে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে মরক্কানরা।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :