নীলফামারীতে মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে পলাতক ছেলে

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৭:৫২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৭:৫২:৫৯ অপরাহ্ন
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝের নিচ থেকে মারুফা বেগম নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মারুফা বেগম ওই এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ঢাকায় কর্মরত ছোট ছেলে লাভিন মিয়া বাড়িতে ফিরে মায়ের খোঁজ শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী ঘরের বিছানার নিচে রক্তের দাগ এবং মেঝেতে ফাটল দেখতে পেয়ে বিষয়টি পরিবারকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক আলামত দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছোট ছেলে লাভিন মিয়ার অভিযোগ, বড় ভাই জুয়েল মিয়া তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। ঘটনার পর থেকেই জুয়েল মিয়া আত্মগোপনে রয়েছেন বলে দাবি পরিবারের।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72