অস্থিতিশীলতার চেষ্টা হলে কাউকেই ছাড় নয় : অর্থমন্ত্রী

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৭:২৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৭:২৫:৩২ অপরাহ্ন
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি:   দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়। কিন্তু দেশে অস্থিতিশীলতা তৈরি করে কেউ দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে চাইলে কাউকেই ছাড় দেয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে যাতে বহিরাগতরা ঢুকতে না পারে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হওয়ারও আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সমস্যা কেবল বাংলাদেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক দেরিতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। সরকারকে যেহেতু উচ্চমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে তাই এই দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। জ্বালানির অভাবে বিভিন্ন দেশে কলকারখানা বন্ধ হয়েছে, কারফিউ জারি হয়েছে উল্লেখ করে বাংলাদেশে এ অবস্থা হবে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আল ফোরকানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :