আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ শুরু আজ। ১৪৩২ পার করে ১৪৩৩-এ পা দিলো এবারের বৈশাখ। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণিল আয়োজনে এবারও বাংলা নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের স্লোগান—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। বাংলা নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
হাজার বছরের ঐতিহ্য আর বাঙালির প্রাণের স্পন্দন নিয়ে আবারও দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। এ উৎসব বাঙালির আত্মপরিচয়, অসাম্প্রদায়িক চেতনা আর শিকড়ের দিকে ফিরে তাকানোর এক মহতী লগ্ন। ইতিহাসের ধুলোবালি মাখা পথ পেরিয়ে বাংলা নববর্ষ আজ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তা যেমন গৌরবের, তেমনি সংগ্রামের।বাংলা নববর্ষকে আমরা যে কত আদরে-সোহাগে বরণ করে নিই, তার কোনো সীমা নেই। ছয় ঋতুর দেশ বাংলাদেশ। ছয় ঋতুর ছয় রূপ। সব রূপেই মুগ্ধ হতে হয়। কালবৈশাখী কখনো কখনো মানুষের সব সম্ভাবনা, স্বপ্ন উড়িয়ে নিয়ে গেলেও বুনে নতুন স্বপ্ন, বুনে দেয় নতুন প্রত্যাশার বীজ। তাই মানুষ ঝড়ে ভেঙে পড়লেও নতুন তেজে বলীয়ান হয়ে সামনে বুক চিতিয়ে দাঁড়ায়। ছয় ঋতু মানে গ্রীষ্ম দিয়ে শুরু। এরপর বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
আজকের যে মাস এবং দিনগণনার বাংলা ক্যালেন্ডার, একসময় তা ছিল না। তখন ফসলি মৌসুম ধরে হতো বর্ষপঞ্জি। এতে কৃষকের পক্ষে খাজনা দেওয়া সহজ হয়। মোগল সম্রাট আকবর এই বর্ষপঞ্জিকা প্রবর্তন করেন। এতে কৃষকেরা খাজনা দিয়েও নবান্নের উৎসবে মাততে পারে। এ সময় ব্যবসায়ীরা তাদের পুরোনো হিসাব মিটিয়ে হালখাতা খোলেন। হালখাতা মানে নতুন হিসাবের খাতা। শৈশবে সবাই হালখাতার মানে বুঝত, বাবার পরিচিত দোকানগুলোতে বাবার সঙ্গে গিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি খাওয়া। এখন হালখাতার মানে সবাই বুঝি, নতুন বছরের হিসাব নতুন করে শুরু করা।
পৃথিবীর সব মানুষ নিজের কল্যাণ কামনা করে। সুখ-শান্তি-সমৃদ্ধি চায়। বাংলা সম্পর্কে চিরায়ত বাণী, ‘একদিন বাঙালি ছিলামরে।’ এই গৌরব আমরা ভালো-মন্দ, সুখে-দুঃখে সব সময় অক্ষুণ্ন রাখতে চাই। আমরা সব নববর্ষের নবপ্রাতে এবং সদা-সর্বদা আমরা যে বিশ্বমণ্ডলে বাস করি, সেই বিশ্বমণ্ডলকে সুখময়, শান্তিময় দেখতে চাই। যুদ্ধমুক্ত, মৃত্যু ও রক্তপাতহীন দেখতে চাই। যুদ্ধ যে কারণে সংঘটিত হয়, তার জন্য যারা জীবন দেয়, পঙ্গু হয়ে সারা জীবনের জন্য অচল হয়ে পড়ে, সভ্যতার যে ক্ষতি হয়; ধ্বংস হয়-তার জন্য এই পর্যুদস্ত, দুর্ভোগ এবং অভিশাপের জীবন যারা যাপন করে, তারা একটুও দায়ী নয়। আজ ইসরায়েলের কামানের গোলায়, বোমায় গাজায় যে নিরীহ নারী-শিশু, বৃদ্ধা-বৃদ্ধসহ শিশুরা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যে শিশু-নারী-পুরুষ প্রাণ দিচ্ছে, সভ্যতার সব নিদর্শন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, নির্মম সত্য হিসেবে এর জন্য দায়ী ক্ষমতাবানদের ক্ষমতা প্রদর্শন, মুনাফার লোভ, শ্রেষ্ঠত্ব প্রদর্শন।
বাংলা নববর্ষের ইতিহাসের পাতা ওল্টালে পাওয়া যায় এ দেশের কৃষি ও খাজনা আদায়ের এক চমৎকার সমন্বয়। ইতিহাসবিদদের মতে, মোগল সম্রাট আকবরের আমলে হিজরি সন অনুযায়ী খাজনা আদায় করতে গিয়ে বেশ বিপাকে পড়তে হতো। চান্দ্র মাসের হিসাব কৃষকদের ফসল কাটার সময়ের সঙ্গে মিলত না বলে অসময়ে খাজনা দেয়া ছিল দুঃসাধ্য।
এ জটিলতা নিরসনে ১৫৮৪ খ্রিষ্টাব্দে সম্রাট আকবর তার রাজজ্যোতিষী ফতেহউল্লাহ সিরাজীকে একটি নতুন সৌর সন প্রবর্তনের দায়িত্ব দেন। ফসল কাটার সময়কে ভিত্তি করে তৈরি এই ‘ফসলি সন’ কালক্রমে আজকের ‘বাংলা সন’। মূলত অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই পঞ্জিকার জন্ম হয়েছিল।
এক সময় বৈশাখ মানেই ছিল গ্রাম ও শহরের ব্যবসায়ীদের ‘হালখাতা’ করার মহোৎসব। লাল সালুতে মোড়ানো নতুন হিসাবের খাতা খোলা হতো পহেলা বৈশাখে। পুরনো বছরের সব দেনা-পাওনা চুকিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে মিষ্টিমুখের মাধ্যমে গড়ে উঠত এক আত্মিক সম্পর্ক। আধুনিক ব্যাংকিং ও প্রযুক্তির ছোঁয়ায় হালখাতার সেই জৌলুস কিছুটা ম্লান হলেও, ঐতিহ্যের টানে আজও অনেক পুরান ঢাকা বা গ্রামবাংলার জনপদে টিকে আছে এই প্রথা।
‘পহেলা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয়, আমরা মূলত বাঙালি। আমাদের এই উৎসব কোনো বিশেষ ধর্মের নয়, এটি আপামর জনতার’— সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের লালিত এই চেতনা আজও অটুট।
পাকিস্তান শাসনামলে বাঙালি সংস্কৃতিকে যখন দমনের চেষ্টা করা হয়েছিল, তখন পহেলা বৈশাখ হয়ে ওঠে প্রতিরোধের এক অনন্য হাতিয়ার। ১৯৬৭ সালে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান কেবল একটি সংগীতানুষ্ঠান ছিল না, ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনেরই অংশ।
পরবর্তী সময়ে ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া ‘মঙ্গল শোভাযাত্রা’ এ উৎসবকে নতুন মাত্রা দেয়। অশুভ শক্তিকে বিনাশ আর কল্যাণের বারতা নিয়ে বের হওয়া এই পদযাত্রা ২০১৬ সালে ইউনেস্কোর ‘বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পায়, যা পহেলা বৈশাখকে বৈশ্বিক মর্যাদায় আসীন করেছে।
বর্তমান সময়ে পহেলা বৈশাখ কেবল রমনার বটমূল বা চারুকলায় সীমাবদ্ধ নেই। দেশজুড়ে বৈশাখী মেলা, পান্তা-ইলিশের আমেজ আর নাগরদোলার শব্দে মুখরিত হয় জনপদ। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগেও বাঙালির এই প্রাণের উৎসব হারায়নি তার জৌলুস। বরং বিদেশে অবস্থানরত লাখো প্রবাসী বাঙালির মাধ্যমে পহেলা বৈশাখ এখন নিউ ইয়র্কের টাইমস স্কয়ার থেকে শুরু করে লন্ডনের ট্রাফালগার স্কয়ার পর্যন্ত পৌঁছে গেছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ আজ বাঙালির ঐক্যবদ্ধ হওয়ার সবচেয়ে বড় মঞ্চ। জীর্ণ পুরাতনকে ধুয়ে মুছে দিয়ে নতুনের আহ্বানে বাঙালি আজও গেয়ে ওঠে ‘এসো হে বৈশাখ, এসো এসো’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবরের মতোই আয়োজিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে লোকঐতিহ্য ও স্বকীয়তাকে ধারণ করে বৃহৎ পরিসরে সর্বজনীন অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। শোভাযাত্রার থিম ও মোটিফে ফুটে উঠবে আবহমান বাংলার লোকজ সংস্কৃতি। বাঁশ, কাঠ ও রঙিন কাগজে নির্মিত বিশাল বাঘ, হাতি, ময়ূর এবং মা-শিশুর প্রতিকৃতি শোভাযাত্রাকে দেবে এক অনন্য মাত্রা। এই শোভাযাত্রার মূল বার্তা- অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় আগামীর পথে যাত্রা।
এবারের শোভাযাত্রায় ‘মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া’- এই পাঁচটি মোটিফ বিশেষভাবে স্থান পেয়েছে। লোকজ প্রতীকের ধারায় এগুলো যথাক্রমে শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে বহুমাত্রিক তাৎপর্য বহন করে। প্রতিটি মোটিফেই প্রতিফলিত হবে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অনুষঙ্গ। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীত, ‘এসো হে বৈশাখ’ এবং দেশাত্মবোধক গান শোভাযাত্রার আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে। এতে অংশ নেবে ২০০ জন শিক্ষার্থী, যারা বহন করবে বাংলাদেশের জাতীয় পতাকা।
‘শান্তি, মানবতা ও সম্প্রীতি’- এই প্রতিপাদ্য নিয়ে রমনার বটমূলে ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে পরিবেশন করবেন বর্ষবরণের গান, যা দীর্ঘদিন ধরেই এ দিনের অন্যতম প্রধান আকর্ষণ।
অন্যদিকে, উদীচী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোপখানা রোডে আড্ডা, গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে বর্ষবরণ করবে। বিকেল ৪টায় তাদের মূল আয়োজন অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য-‘বৈশাখের রুদ্র-রোষে ধ্বংস হোক সামাজিক ফ্যাসিবাদ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ‘বাংলার হারিয়ে যাওয়া আনন্দ মিলে যাক বৈশাখে’-এই প্রতিপাদ্যে আর্ট পিক্স ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত পুতুলনাট্য উপস্থাপন করবে। রাজধানীর বিজয় স্মরণীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম (গেট নং-২) প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আয়োজন চলবে।
বাংলা নববর্ষকে বরণ করতে রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে বসছে হাজারো কণ্ঠের মিলনমেলা। চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ আয়োজনে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’।
বাংলা নতুন বছর ১৪৩৩ স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা অংশ নেবেন। সম্মিলিত কণ্ঠে বাংলা গানের সুরে মুখর হয়ে উঠবে পুরো প্রাঙ্গণ।
এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন দেশের খ্যাতিমান শিল্পীরা। তাদের মধ্যে আছেন রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, কোনাল ও লুইপাসহ তরুণ প্রজন্মের আরও অনেক শিল্পী।
বর্ষবরণ উপলক্ষে রবীন্দ্র সরোবরে থাকবে বৈশাখী মেলার আয়োজনও। মেলায় পাওয়া যাবে নানান ধরনের তৈজসপত্র, ঐতিহ্যবাহী মাটির খেলনা এবং নাগরদোলাসহ গ্রামীণ সংস্কৃতির নানান উপকরণ।