ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, তদন্তের দাবি বিপাশার

আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৭:৪০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৭:৪০:৩৬ অপরাহ্ন
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:  খাবারের মান ও নিরাপত্তা নিয়ে ভারতে নানা প্রশ্নের মধ্যেই এবার নামী একটি ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। নতুন একটি কন্টেনার খোলার পর এর ভেতরে অসংখ্য ছোট ছোট কৃমির মতো পোকা দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পণ্যের একটি ভিডিও প্রকাশ করেন বিপাশা। সেখানে কন্টেনারের ভেতরের অংশের দৃশ্য দেখানোর পাশাপাশি পণ্যটি হাতে তুলে ধরে বিষয়টি তুলে ধরেন অভিনেত্রী। তার দাবি, সদ্য খোলা প্যাকেটের মধ্যেই তিনি প্রচুর ছোট পোকা দেখতে পান।
ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার তুখারাম মুন্ধেকে বিষয়টি তদন্তের অনুরোধ করেছেন বিপাশা। একই সঙ্গে ভোক্তারা যেন নষ্ট বা ভেজাল পণ্যের শিকার না হন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তবে বিপাশার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারিও অনলাইনে অর্ডার করা খাবারে আরশোলা পাওয়ার অভিযোগ করেছিলেন।
এদিকে ভারতের বিভিন্ন এলাকায় খাদ্যপণ্যের মান যাচাইয়ে অভিযান চলছে। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও দোকানে এসব অভিযানে বাসি, পচা ও অনিরাপদ খাবার পাওয়ার ঘটনাও সামনে এসেছে। এমন পরিস্থিতির মধ্যেই বিপাশার এই অভিযোগ নতুন করে খাদ্যপণ্যের মান নিয়ে প্রশ্ন তুলেছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :