বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ

আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৮:০৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৮:০৯:৪০ অপরাহ্ন
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:  ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওবার্তায় ঘটনার বর্ণনা দেন তিনি। এরপরই বাঁধনের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের বাঁধনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের। 
বাঁধনের অভিযোগ, ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাই ও পরিবারের সঙ্গে অবস্থানের সময় কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন। তার গায়ে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং একপর্যায়ে তাকে মারধর করা হয়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

পরী মণির ক্ষোভ

বাঁধনের ওপর হেনস্তার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমণি। পোস্টে তিনি লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’ পরী মণির এমন তীব্র ভাষার পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আরও আলোচনা শুরু হয়।

সাফা কবিরের প্রশ্ন

অভিনেত্রী সাফা কবির বাঁধন ও তার পরিবারের প্রতি সংহতি জানিয়ে নিজের ফেসবুক পোস্টে লেখেন, তিনি ভীষণভাবে মর্মাহত, ক্ষুব্ধ ও লজ্জিত। তার মতে, দেশের বাইরে চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা ও দেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন শিল্পীর প্রাপ্য সম্মান ও নিরাপত্তা; অপমান, হয়রানি কিংবা আতঙ্ক নয়।
সাফা আরও প্রশ্ন তোলেন, দেশের শিল্পীদের বারবার কেন রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে টেনে আনা হবে। শিল্পী সত্য, ন্যায় ও মানুষের কথা বলবেন—এটাই তার স্বাধীনতা বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাঁধনের ঘটনার সুষ্ঠু বিচার ও ন্যায়বিচার দাবি করেন এই অভিনেত্রী। 


মৌসুমী হামিদের প্রতিবাদ

অভিনেত্রী মৌসুমী হামিদও বাঁধনের পাশে দাঁড়িয়েছেন। শিল্পীর ওপর হামলা দেশে কিংবা বিদেশে—কোনোভাবেই কাম্য নয় বলে প্রতিবাদ জানিয়েছেন তিনি। রাজনৈতিক পরিচয় বা অবস্থানের কারণে কোনো শিল্পীকে হেনস্তা করার প্রবণতারও সমালোচনা করেছেন মৌসুমী। 

মমের সংহতি

অভিনেত্রী জাকিয়া বারী মমও বাঁধনের পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে শিল্পীর নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নটি সামনে এনেছেন তিনি। 

আরও যারা পাশে দাঁড়িয়েছেন

বাঁধনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুণও। ফেসবুক লাইভটি শেয়ার করে তিনি ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক বলে উল্লেখ করেন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো মর্যাদাপূর্ণ আয়োজনে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন শিল্পীর ওপর হামলা বর্বরোচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বাঁধন দ্রুত প্রয়োজনীয় আইনি সহায়তা পাবেন এবং ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়, মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুলসহ আরও কয়েকজনও সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধনের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। 
বাঁধন ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হওয়ায় বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
একদিকে বাঁধনের অভিযোগের তদন্ত ও আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টি সামনে এসেছে, অন্যদিকে সহকর্মীদের প্রতিবাদে স্পষ্ট হয়েছে—রাজনৈতিক মত বা অবস্থান ভিন্ন হলেও একজন শিল্পীর ওপর হামলা ও হেনস্তাকে কোনোভাবেই স্বাভাবিক হিসেবে দেখছেন না তারা।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :