ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে : রিজভী

আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ১২:৫২:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ১২:৫২:৩৭ অপরাহ্ন
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, আমাদের এই মাটির গভীরে রয়েছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। হাজার বছর ধরে আমরা একই সমাজে ও মহল্লায় কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছি। আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এসময় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা শেষে রিজভী বলেন, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ-এই তিন ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে আলাদা তিনটি ট্রাস্ট গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়গুলো আরও সমৃদ্ধ ও সুন্দরভাবে পরিচালনা করা এবং পূজারি ও ভক্তরা যেন নির্বিঘ্নে প্রার্থনা ও আরাধনা করতে পারেন, তা নিশ্চিত করতেই এসব ট্রাস্টের পরিচালনা কমিটি কাজ করবে।
তিনি বলেন, ট্রাস্টের দায়িত্বে যারা এসেছেন, তারা নিজ নিজ সম্প্রদায়ের অত্যন্ত যোগ্য ও দক্ষ ব্যক্তিত্ব। তারা আন্তরিকতার সঙ্গে উপাসনালয়গুলোর সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করবেন।
রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ও নৃ-গোষ্ঠীর সমান স্থান রয়েছে। এখানে প্রত্যেকেই গর্বভরে নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারে।
তিনি আরও বলেন, দেশবিরোধী নানা চক্রান্তকারী দল আমাদের এই অটুট বন্ধনকে ভাঙার চেষ্টা করলেও দেশের মানুষ সব সময় একতাবদ্ধ থেকেছে। আমরা একে অপরের পূজা-পার্বণ কিংবা ঈদে আনন্দের অংশীদার হই।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :