অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৭:৪২:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৭:৪২:৪৩ অপরাহ্ন
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:  সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এর মধ্যেই অক্টোবরে নতুন আন্তর্জাতিক সিরিজের সূচি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও সাদা বলের তিনটি ম্যাচ খেলবে টাইগাররা।
আফগানিস্তান এই সিরিজের স্বাগতিক হওয়ায় ম্যাচের দিনক্ষণ এবং সাদা বলের তিন ম্যাচের সংস্করণ এখনো চূড়ান্ত হয়নি। ম্যাচগুলো ওয়ানডে, টি-টোয়েন্টি নাকি দুই সংস্করণ মিলিয়ে আয়োজন করা হবে, সেই সিদ্ধান্ত নেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস সিরিজটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ রয়েছে। সেখানে একটি লাল বলের ম্যাচের পাশাপাশি সাদা বলের তিনটি ম্যাচ থাকবে। স্বাগতিক আফগানিস্তান হওয়ায় সূচি ও ম্যাচগুলোর সংস্করণ তারাই নির্ধারণ করবে।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হয়ে আসছে। বছরের শেষ ভাগে টানা দুটি টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। অক্টোবর-নভেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
এরপর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করবে টাইগাররা। ২০১৬ সালের পর সেটিই হবে ইংল্যান্ডের প্রথম বাংলাদেশ সফর।
এদিকে ভারতের বাংলাদেশ সফর শুরু হওয়ার কথা ছিল ২৮ আগস্ট। সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা থাকা সিরিজটি নিয়ে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি তামিম ইকবালও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন আসতে পারে।
ভারতের বিপক্ষে সিরিজের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত হলেও, আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরে নতুন সিরিজ নিশ্চিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময়ের অপেক্ষায় বাংলাদেশ দল।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :