দূতাবাসে ই-মেইলে হুমকি ভুয়া গ্রুপের কাজ: ডিবি

আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০৪:০৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০৪:০৫:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবির ঘটনাটিকে একটি ‘ভুয়া গ্রুপের কাজ’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
রাজধানীর মিন্টো রোডেআজ  রোববার (২৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম এসব কথা বলেন।
ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান মো. শফিকুল ইসলাম।
বিভিন্ন দূতাবাসে ই-মেইলের মাধ্যমে চাঁদা চেয়ে হুমকির বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে এই গ্রুপ কাজ করছে। এটি একটি ভুয়া গ্রুপ। ই-মেইলে যেসব বিকাশ নম্বর দেওয়া হয়েছে, তার সূত্র ধরে তিন-চারজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু তারা কিছুই জানে না। তারা সম্পূর্ণ নির্দোষ। এ ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই।’
ঠিক কতটি দূতাবাসে হুমকি দেওয়া হয়েছে– এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, তিন-চারটি দূতাবাসের পাশাপাশি সরকারি কয়েকটি দপ্তরেও এমন ই-মেইল পাঠানো হয়েছে।
এটি নিছক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জানতে চাইলে মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা, এটি পূর্বশত্রুতা বা দেশের ভাবমূর্তি (ইমেজ) নষ্ট করার জন্য করা হয়েছে। সরকারকে বিব্রত করার জন্যও এটি করা হতে পারে।’
এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যেকোনো ঘটনা ঘটলেই সেটি আমরা গুরুত্বের সঙ্গে দেখি। আমরা আশাবাদী যে দ্রুতই এর রহস্য উদ্‌ঘাটন করব। যারা এর সঙ্গে জড়িত, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।’
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :