বাংলাদেশের লড়াইয়ের আশা জাগিয়ে রেখেছেন শরিফুল ইসলাম

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৪:২৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৪:২৪:৩১ অপরাহ্ন
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:  মেকাই টেস্টের প্রথম দিনটা যেন ব্যাটারদের নয়, পেসারদের মঞ্চ। একের পর এক উইকেট পতনে ১৮ উইকেটের দিনে বারবার বদলেছে ম্যাচের চিত্র। দিনের শেষ হাসিটা অবশ্য অস্ট্রেলিয়ার। বাংলাদেশের মাত্র ৬৪ রানের জবাবে ৮ উইকেটে ১৬৫ রান তুলে ১০১ রানের লিড নিয়ে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। তবে কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশের লড়াইয়ের আশা জাগিয়ে রেখেছেন শরিফুল ইসলাম।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও শুরুতে বাংলাদেশের পেস আক্রমণের সামনে কিছুটা চাপে পড়ে। চা-বিরতিতে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫০ রান।
বিরতির পর দ্রুত বাংলাদেশের স্কোর টপকে লিড নেয় অস্ট্রেলিয়া। শুরুর ধাক্কা সামলে স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের ব্যাটে এগোতে থাকে স্বাগতিকদের ইনিংস। দুজন মিলে গড়েন ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি।
ফিফটির কাছাকাছি পৌঁছে যাওয়া স্মিথকে অবশ্য বেশিক্ষণ থাকতে দেননি শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ৪২ রানে ফেরেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার। স্মিথের বিদায়ে ভাঙে গ্রিনের সঙ্গে তার ৭৭ রানের জুটি। সেই উইকেটেই ম্যাচে ফেরার পথ খুঁজে পায় বাংলাদেশ।
এরপর অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে আবারও প্রতিরোধ গড়েন ক্যামেরন গ্রিন। চাপের মধ্যেও দারুণ কিছু শটে রান তুলে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিতে থাকেন তিনি। একপর্যায়ে ক্যারি-গ্রিনের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।
তারপরই শুরু হয় শরিফুলের ঝড়। এক ওভারের মধ্যে বিউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পূর্ণ করেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ক্যারি করেন ৫ রান, ওয়েবস্টার রানের খাতা খুলতে পারেননি এবং কামিন্স ফেরেন মাত্র ১ রানে।
দিনের শেষ পর্যন্ত নাথান লায়নকে সঙ্গে নিয়ে উইকেটে টিকে আছেন ক্যামেরন গ্রিন। ৮১ বলে ফিফটি তুলে ৫১ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান, লিড ১০১।
বাংলাদেশের হয়ে একাই ৬ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।
প্রথম দিনে পড়া ১৮ উইকেটের মধ্যে ১৭টিই গেছে পেসারদের দখলে। মেকাইয়ের উইকেট যে পেসারদের জন্য কতটা সহায়ক, তার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে প্রথম দিনের এই নাটকীয় লড়াইয়ে। তবে শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে খাদে পড়ে যাওয়া ম্যাচেও দ্বিতীয় দিনে লড়াইয়ে ফেরার আশাটা জিইয়ে রেখেছে বাংলাদেশ।


 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :