শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’ ও ‘বোমা রতন’ গ্রেপ্তার

আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০১:৪৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০১:৪৩:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য ও শীর্ষ মাদক কারবারিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম, চাঁদ উদ্যান এলাকার কিশোর গ্যাং ‘মাহী গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড জয় এবং তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রতন ওরফে বোমা রতন।
আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে বছিলায় র‍্যাব-২-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। 
র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ১১০ গ্রাম হেরোইনসহ ৩৬ মামলার আসামি ও একাধিক পরোয়ানাভুক্ত চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা, খুন ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত।
রাষ্ট্রপতির শপথ ঘিরে ডিএমপির জরুরি নির্দেশনা, এড়িয়ে চলবেন যেসব সড়ক
একই দিন চাঁদ উদ্যান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ‘মাহী গ্রুপ’-এর অন্যতম সদস্য জয়কে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকের ১০টি মামলা রয়েছে। জয় ও তার সহযোগীরা চাঁদ উদ্যান ও নবীনগর এলাকায় ব্যবসায়ী এবং সাধারণ বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
এ ছাড়া বিজলী মহল্লা থেকে অপর এক অভিযানে দস্যুতা, ডাকাতি ও ছিনতাইসহ ২০টি মামলার আসামি রতন ওরফে বোমা রতনকে গ্রেপ্তার করা হয়। তিনি বছিলা ও গজনবী রোড এলাকায় দীর্ঘ দিন অস্ত্রধারী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
র‍্যাব-২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের ধরতেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :