ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৩:৪৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৩:৪৫:৩৩ অপরাহ্ন
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক :  ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথভাবে পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
চার দিনব্যাপী চলমান এই জরিপ স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) শেষ হয়। জরিপের ফলাফলে দেখা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান কার্যক্রমে মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক সন্তুষ্টি প্রকাশ করেছেন, অন্যদিকে ৬৪ শতাংশ উত্তরদাতা তার কাজের তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাম্পের মেয়াদে এই জনপ্রিয়তা এখন পর্যন্ত সর্বনিম্ন, যা ২০১৭ সালের ডিসেম্বরে তার প্রথম মেয়াদের সর্বনিম্ন রেকর্ডের সমান।
চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পর বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ স্থবির হয়ে পড়ে। এর ফলে যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়তে থাকে গ্যাসোলিনের দাম, যার সরাসরি প্রভাব পড়েছে সেখানকার সাধারণ পরিবারগুলোতে। যুদ্ধটি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, তবে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে জনমত জরিপ ও জ্বালানি সংকটের বিষয়টি মাথায় রেখে গত শুক্রবার (১৪ আগস্ট) এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, একটি হুমকিস্বরূপ দেশকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতে জ্বালানির পেছনে ‘সামান্য কিছু অতিরিক্ত অর্থ’ খরচ করা মোটেও ভুল কিছু নয়।
জরিপ অনুযায়ী, প্রায় ৮০ শতাংশ আমেরিকান মনে করছেন ইরান যুদ্ধ দীর্ঘায়িত হবে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের এই জনপ্রিয়তার ধস ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :