নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষক নিহত

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:২৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:২৭:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  নওগাঁ শহরের দয়ালের মোড়ে বগুড়াগামী বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ ত ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিকাল স্কুল এন্ড কলেজের শিক্ষক। তার গ্রামের বাড়ি রানীনগর উপজেলার ক্ষুদ্র বেলঘড়িয়া গ্রামে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে শিক্ষক আ ত ম ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে জয়পুরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক। এসময় বিপরীত দিক বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকে আসা বগুড়াগামী দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ বর্তমানে নওগাঁ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘাতক বিআরটিসির বাসটি নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের তুলসীগঙ্গা এলাকা থেকে জব্দ করা হয়েছে।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :