ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১১:৩৮:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১১:৩৮:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। 
আজ সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
এর আগে, রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চৌধুরী রুবেল (৩০) লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার ৪নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর ছেলে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি দ্রুতগতির ডাম্প ট্রাক তাকে বহনকারী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তার হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান। 
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বলেন, সাবেক ছাত্রদল নেতা রুবেল ডাম্প ট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানাচ্ছি। 
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত সাবেক ছাত্রদল নেতা ঢাকায় মারা গিয়েছেন বলে শুনেছি। 
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72