যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে: আইআরজিসি

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১১:৪০:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১১:৪০:০৩ পূর্বাহ্ন
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:   মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, তেল রপ্তানির জন্য ব্যবহৃত এ অঞ্চলের অন্য পথগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।
গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস পরিবহণের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার পর আইআরজিসি বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘শত্রুর জানা উচিত, তারা এখন ভারত মহাসাগরীয় রুট দিয়ে বিশ্বে তেল ও গ্যাস রপ্তানির পথ বন্ধ করে দিয়েছে—যার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য তেল ও গ্যাস রপ্তানি পথও বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।’
তবে কোন কোন রপ্তানি পথ ক্ষতিগ্রস্ত হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি হয় সবার জন্য উন্মুক্ত থাকবে, অথবা কারও জন্যই থাকবে না।’
অন্য এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘যোদ্ধাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্র তার আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’
মার্কিন কর্মকর্তারা এর আগে হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ন্ত্রণ করার বিষয়ে ইরানের দাবি নাকচ করেছেন। তারা জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক নৌপথ উন্মুক্ত রয়েছে।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72