৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়লো স্পেন

আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১১:৪০:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১১:৪০:৫৮ পূর্বাহ্ন
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:   বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে শুধু জয়ই নয়, ইতিহাসও গড়েছে স্পেন। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে বিরল এক রেকর্ড গড়ে আলোচনায় এখন লা রোহা।
ম্যাচটিতে স্পেনের শুরুর একাদশে একসঙ্গে জায়গা পান দুই তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি। দুজনেরই বয়স ১৯ বছরের নিচে। গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে এমন সাহসী সিদ্ধান্তই শেষ পর্যন্ত ইতিহাসের অংশ হয়ে যায়।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য বলছে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা তার পরবর্তী নকআউট পর্বে শুরুর একাদশে একসঙ্গে দুই কিশোর খেলানোর ঘটনা গত ৬৮ বছরে এই প্রথম।
এর আগে সর্বশেষ ১৯৫৮ সালের বিশ্বকাপে দেখা গিয়েছিল এমন দৃশ্য। ওয়েলসের বিপক্ষে সেই ম্যাচে ব্রাজিল একাদশে ছিলেন দুই কিশোর পেলে ও জোসে আলতাফিনি। সেই ম্যাচ থেকেই শুরু হয়েছিল পেলের বিশ্বজয়ের গল্প।
দীর্ঘ প্রায় সাত দশক পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল স্পেন। ইয়ামাল ও কুবারসিকে একসঙ্গে নামিয়ে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলো ইউরোপিয়ান এই দলটি।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে তরুণদের প্রতি এমন আস্থা শুধু ভবিষ্যতের বার্তাই দেয় না, বরং দলটির আত্মবিশ্বাস ও পরিকল্পনারও প্রতিফলন ঘটায়। স্পেনের এই সাহসী পদক্ষেপ এখন ফুটবল দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :