জুলাই প্রতিটি হত্যা ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর : আইনমন্ত্রী

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৬:৪৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৬:৪৭:৩৪ অপরাহ্ন
মাহবুবুল আলম,  কোর্ট  প্রতিনিধি:   প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। সেই পথ ধরেই এগিয়ে যাওয়া হবে। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর।
আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন  আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিটি বক্তব্যে বলেছেন, সরকার জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর।
‘একটি শ্রেণি জুলাই ও জুলাই সনদকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে একধরনের দাবি তুলেছে। সরকার সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছে যে, এটি জুলাই সনদের অংশ নয়। এরপরও তারা অন্য পথ অবলম্বনের চেষ্টা করছে,’ যোগ করেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, এক পাশে বসে ফ্যাসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে। অন্য পাশে মৌলবাদীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছে। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং জুলাই সনদকে সামনে রেখে যে কোনো বিভ্রান্তির পথ পরিহার করতে হবে। এ বিষয়ে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করার আহ্বান রাখেন তিনি।
তিনি বলেন, তারেক রহমান সামনের কাতারে থেকে যে নির্দেশনা দেবেন, প্রধানমন্ত্রীর যে দেখানো পথ, সেটিই জুলাইয়ের পথ।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :