দাদি ভয়ংকরে তিন কিংবদন্তি
আপলোড সময় :
২৬-০৬-২০২৬ ০৭:২৫:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৬-২০২৬ ০৭:২৫:২৭ অপরাহ্ন
দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর
বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: দেশের অভিনয় অঙ্গনের তিন কিংবদন্তি শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর। এবার তারা এক ফ্রেমে ধরা দেবেন। ‘দাদি ভয়ংকর’ নামের নাটকে এই তিনজন একসঙ্গে অভিনয় করেছেন।
এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাহাত কবির। প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক-নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে নাটকটির গল্প। এরই মধ্যে সম্পন্ন হয়েছে শুটিং।
নির্মাতা জানান, ইন্টারনেটের ভালো দিক যেমন আছে, তেমনি আছে খারাপ দিকও। আমরা চাইলে ভালো দিকটা ব্যবহার করতে পারি আবার খারাপ দিকটাও ব্যবহার করতে পারি। নাটকে ভালো খারাপ দুটো দিকই দেখানো হয়েছে। কিন্তু ভালো দিকের প্রতি উৎসাহিত করা হয়েছে গল্পে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে আবুল হায়াত বলেন, ‘ভীষণ ভালো লেগেছে নাটকটিতে কাজ করে। কারণ, সিনিয়র কয়েকজন শিল্পীকে এক করে নাটক নির্মাণ করা খুব কঠিন একটি কাজ। নির্মাতা সেটা করতে পেরেছেন।
দিলারা জামানের মতে, “প্রযুক্তি আমাদের যতোটা স্বচ্ছন্দ দিচ্ছে ঠিক ততোটা বিপদও ডেকে আনছে। সেই ব্যাপারে মূলত নাটকের মধ্য দিয়ে সবাইকে সাবধান করে দেওয়া। খুব ভালো লেগেছে একসঙ্গে একই নাটকে অভিনয় করে। আমার তো বারবার সেই ‘শেষ পত্র’-এর দিনগুলোর কথা মনে পড়ছিলো।
ডলি জহুর বলেন, ‘অনেক বছর আগে আবুল হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম, তারমধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। আসলে দিলারা আপা, হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করাটা যে কতো ভালোলাগার বিষয়, তা ভাষায় প্রকাশের নয়।
তিন কিংবদন্তির সঙ্গে এ নাটকে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স