হুইলচেয়ারে জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক!
আপলোড সময় :
২৫-০৬-২০২৬ ০৭:৫২:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৬-২০২৬ ০৭:৫২:২৯ অপরাহ্ন
পদ্মভূষণ সম্মাননা নিতে হুইলচেয়ারে উপস্থিত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক
বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিককে হুইলচেয়ারে দেখা যাওয়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তাকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং চলাফেরার জন্য অন্যের সহায়তা নিতে হচ্ছে।
সম্প্রতি (২৩ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ গ্রহণ করেন অলকা ইয়াগনিক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা গ্রহণের পরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অলকা ইয়াগনিক জানান, গত দুই বছর ধরে তিনি একটি কঠিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। এ সময় ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনই তাকে শক্তি জুগিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
‘পদ্মভূষণ’ সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে অলকা বলেন, এই সম্মান শুধু তাঁর একার নয়, বরং তাঁর সব শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদেরও। তিনি জানান, ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে এগোচ্ছেন এবং ভক্তদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে অলকা ইয়াগনিক জানান, একটি বিমানযাত্রা শেষে হঠাৎ করেই তিনি শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। পরে চিকিৎসকেরা তাঁর বিরল শ্রবণজনিত রোগ শনাক্ত করেন। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সংগীতজগৎ থেকে কিছুটা দূরে আছেন।
চার দশকেরও বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের হৃদয় জয় করে আসা এই কিংবদন্তি শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর কোটি ভক্ত।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স