মাইক কিনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
আপলোড সময় :
১৭-০৬-২০২৬ ০৬:১৮:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৬-২০২৬ ০৬:১৮:০২ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুঠিয়ার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক। তারা উভয়েই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।
এ সময় আহত হন একই এলাকার হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নকুলবাড়িয়া এলাকার একটি স্থানীয় মসজিদের জন্য নতুন মাইক কেনার উদ্দেশ্যে অটোরিকশাযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চারজন যাত্রী। পথিমধ্যে অটোরিকশাটি বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী ক্যারেট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা দ্রুত অন্য আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার খবর পেয়ে পবা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রাহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরবর্তীতে অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিক নামের আরও একজন মারা যান।
হাইওয়ে পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। তবে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স