ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল আদেশ স্থগিত চেয়ে রিট

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৫:২৫:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৫:২৫:১১ অপরাহ্ন
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল আদেশ স্থগিত চেয়ে রিট ফাইল ছবি
মাহবুবুল আলম,  কোর্ট  প্রতিনিধি:  আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে যে আইনে লাইসেন্স বাতিল করা হয়েছে সেই আইনও চ্যালেঞ্জ করা হয়েছে।
আজ সোমবার জনস্বার্থে আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
এতে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ নামক আইনের বৈধতাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এই আইনে সরকার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে।
আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ বলেন, ১৯৮২ সালের যে অধ্যাদেশের অধীনে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে তা অবৈধ। এই আইনটি সামরিক ফরমানের মাধ্যমে প্রণীত হয়েছিল, যা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করেছেন।
তিনি বলেন, এই আইনে কোনো হাসপাতালের লাইসেন্স বাতিলের বিধান নেই। 
তিনি আরও যোগ করেন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থী, কারণ অনেক মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নেন।
এই আইনজীবী জানান, আগামী রোববার হাইকোর্টে এই আবেদনের ওপর শুনানি হবে।
গত মাসে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল, সেই  হাসপাতালটির লাইসেন্স গত ১১ জুন বাতিল করা হয়।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) হাসপাতাল কর্তৃপক্ষকে নতুন কোনো রোগী ভর্তি না করার নির্দেশ দিয়েছে এবং পরামর্শ দিয়েছে যেন তারা বর্তমানে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করে অথবা চিকিৎসা শেষ হওয়ার পর তাদের ছাড়পত্র দিয়ে দেয়।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ