জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা!
আপলোড সময় :
১৫-০৬-২০২৬ ০৪:৫২:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৬-২০২৬ ০৪:৫২:১০ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান
শাহিনুর আক্তার, ষ্টাফ রিপোটার: ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধা দেওয়ার ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
আজ সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিন শেষে আমরা এ বিষয়ে আপনাদের জানাব।
এদিকে দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ পর দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল রোববার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ পোর্টাল সিএনএন-নিউজ ১৮ জানায়, নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) নাম থাকার কারণে দিল্লির বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডা. জাহেদ উর রহমানকে ‘কিছুক্ষণ আটকে’ রাখে।
জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশ নিতে ভারত যাচ্ছিলেন ডা. জাহেদ উর রহমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে আজ সোমবার (১৫ জুন) ও আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) দুদিনব্যাপী ওই বৈঠক হওয়ার কথা।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার কাছে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না; তার কাছে সার্কের স্টিকারযুক্ত সাধারণ সবুজ পাসপোর্ট ছিল। তবে জাহেদ উর রহমানের সফরের বিষয়টি জানিয়ে এর আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিকপত্র (নোট ভারবাল) পাঠিয়েছিল নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এমনকি রোববার বিকেলে উপদেষ্টাকে অভ্যর্থনা জানাতে দিল্লি বিমানবন্দরে গিয়েছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
যদিও আটকে দেওয়ার কিছুসময় পর উচ্চপর্যায়ের হস্তক্ষেপে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়। ততক্ষণে উপদেষ্টা দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রোববার রাতে দিল্লি থেকে ঢাকায় ফেরার সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ডা. জাহেদ উর রহমান কলম্বো যান। আজ সোমবার বিকেলে উপদেষ্টার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স