বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর কারণ স্পষ্ট করল আইসিসি
আপলোড সময় :
০৪-০৬-২০২৬ ০৬:২৯:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৬-২০২৬ ০৬:২৯:৪৮ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক: আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী ৭ জুন বিসিবি নির্বাচন আয়োজন করতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন সেই কমিটি।
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বোর্ড সভা। কিন্তু সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না। এরপরই বাংলাদেশ সফরে এসেছে আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। যেটি নিয়ে নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছিল।
এবার আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল আইসিসি। আজ বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই সদস্যের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে আসার কারণ জানিয়েছে আইসিসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ‘স্টেকহোল্ডারদের সঙ্গে সুশাসন ও নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফর করেছে আইসিসি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন আইসিসি বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ এ এস মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গোয়া মুকুহলানিও (জিম্বাবুয়ে ক্রিকেট)।
বাংলাদেশে এসে প্রতিনিধি দলের সদস্যরা কি করেছেন সেটি জানিয়ে আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন ও পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রতিনিধি দলটি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছে।
বিবৃতিতে আইসিসি জানিয়েছে, এই প্রতিনিধি দলটি তাদের এই সফরের প্রাপ্ত পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ফলাফল সময়মতো আইসিসি বোর্ডের কাছে জমা দেবে। তবে এ বিষয়ে তারা গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না।
সংস্থাটি আরও বলেছে, প্রতিনিধি দলের সফর নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, বিশ্লেষণ বা বিভিন্ন দাবি পুরোপুরি অনুমাননির্ভর। এগুলোকে কোনোভাবেই আইসিসির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য করার সুযোগ নেই।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স