সতর্ক ও সজাগ থাকতে হবে কেউ যেন কোনোভাবেই অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে : মির্জা ফখরুল
আপলোড সময় :
০৩-০৬-২০২৬ ০৯:০০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৬-২০২৬ ০৯:০০:৩৬ অপরাহ্ন
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: নতুন করে দেশ গঠনের কাজ শুরু হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ যেন কোনোভাবেই অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার এই গুরুত্বপূর্ণ সময়ে কেউ যেন নতুন করে বিভ্রান্ত না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।
আজ বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের নবসৃষ্ট রুহিয়া উপজেলা গঠন উপলক্ষে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি রুহিয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমি সকলের কাছে আবেদন রাখতে চাই, আমরা তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আপনারা সেই সমর্থন অব্যাহত রাখবেন এবং সকলকেই আপনারা উদ্বুদ্ধ করবেন নিজের এলাকাকে, আপনাদের উপজেলাকে গড়ে তোলার জন্য। আপনাদের কাছে এটাই আমার আবেদন।
মির্জা ফখরুল বলেন, কেউ যেন দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আপনাদের সজাগ থাকতে হবে। কারণ, তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন নতুন করে দেশ গঠনের কাজ শুরু করেছি, তখন কোনোভাবেই যেন আবার বিভ্রান্তির পথে না চলে যাই।
এসময় তিনি রুহিয়ার নারী সমাজকে অত্যন্ত সংগঠিত বলে উল্লেখ করেন। পাশাপাশি তাদের আরও সুসংগঠিত হওয়া এবং নিজেদের ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানান।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়ে তরুণদের উদ্দেশে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমি আমাদের তরুণদের প্রতি আবেদন ও অনুরোধ জানাব, তারা যেন মাদক থেকে দূরে থাকে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলে। এটি অত্যন্ত জরুরি।
যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, নতুন উপজেলা গঠনের মাধ্যমে এখানে নিজস্ব সংস্কৃতি বিকাশের এবং খেলাধুলার চর্চা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নেতৃত্ব গড়ে তুলতে হবে, যা রুহিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
রুহিয়া অঞ্চলের অতীত ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন, ঠাকুরগাঁও জেলার রুহিয়া আবারও তার আগের নেতৃত্বস্থানীয় অবস্থানে ফিরে যাবে।
বক্তব্যের শেষ অংশে তিনি রুহিয়াবাসীর প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সর্বস্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স