ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছদ্মবেশে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ১১:৫৭:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ১১:৫৭:১২ পূর্বাহ্ন
ছদ্মবেশে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক:    রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব এক কৌশল অবলম্বন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ছদ্মবেশে গিটার বাজিয়ে গান গাওয়ার আড়ালে অভিযান চালিয়ে মাদকসহ সাত মাদকসেবী ও কারবারিকে হাতেনাতে ধরেন তারা।
বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে উদ্যান এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালান পুলিশ সদস্যরা। 
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূইয়া (২৪)। সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে শাহবাগ থানার একটি বিশেষ টিম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও কারবারিদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করেন। অভিযানের অংশ হিসেবে তারা গানের আসর জমানোর মতো অভিনব কৌশল অবলম্বন করেন।
এতে মাদকসেবী ও কারবারিরা পুলিশের উপস্থিতি টের না পেয়ে সেখানে সমবেত হলে তাদের অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে প্রেরণ করা হয়। 
আদালত গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ