ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:৩০:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:৩০:৩৩ অপরাহ্ন
দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯ ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:  ফিফটি করে ফিরে গেছেন মুমিনুল হক। টানা পঞ্চম ফিফটি করলেও রূপান্তর করতে পারলেন না সেঞ্চুরিতে। মুমিনুলের বিদায়ের পর বিকেলের বাকিটা সময় নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শান্ত পার করেছেন পঞ্চাশের ঘর। দেড়শ ছাড়িয়েছে বাংলাদেশের দলীয় সংগ্রহ। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে আজ সোমবার (১১ মে) ৫০ ওভারে ৩ উইকেটে ১৫২ রান স্বাগতিকদের। লিড ১৭৯ রান।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনে আগামীকাল শান্ত মাঠে নামবেন ৫৮ রানে অপরাজিত থেকে। ১৬ রান নিয়ে তার সঙ্গে নামবেন মুশফিক। এই জুটি আজ চতুর্থ উইকেটে জমা করেছে অবিচ্ছিন্ন ২৪ রান।
মুমিনুল বিদায় নেন ৫৬ রান করে। শাহিন আফ্রিদির বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন তিনি। ১২৮ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ভাঙে শান্ত-মুমিনুলের ১০৫ রানের জুটি।
এদিন তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ৫ হাজার রানের ছোট্ট ক্লাবে প্রবেশ করেছেন মুমিনুল। ৩৮তম ওভারের শেষ বলে নোমাল আলীর বলে স্কয়ার লেগে সিঙ্গেল নেন তিনি। পূর্ণ করেন হাফসেঞ্চুরি। টানা পঞ্চম ফিফটিতে ঢুকে যান পাঁচ হাজারি ক্লাবে। এর আগে মুশফিকুর রহিম ও তামিম ইকবালই কেবল বাংলাদেশিদের মধ্যে টেস্টে ৫ হাজার রান করেছেন। এই মাইলফলক স্পর্শ করতে মুমিনুলের লেগেছে ৭৬টি টেস্ট ও ১৪১ ইনিংস। ১৩ সেঞ্চুরির বিপরীতে ফিফটি ২৭টি।
প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তোলেন দুই ওপেনার। তবে, দিনের শুরুটা হয়েছিল শঙ্কা জাগানিয়া। দ্রুত ফিরে ‍যান দুই ওপেনার। ২৩ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। 
আগের দিন বৃষ্টি ও ব্যাড লাইটের কারণে খেলায় ব্যাঘাত ঘটে। আজ তাই ১৫ মিনিট আগে শুরু হয় ম্যাচ। সকালের শুরুতেই হাল ছাড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৫ রান করে লেগবিফোর হন মোহাম্মদ আব্বাসের বলে। ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
বেশিক্ষণ টিকতে পারেননি অপর ওপেনার সাদমান ইসলামও। ১০ রান করে স্লিপে ক্যাচ তুলে দেন সৌদ শাকিলের হাতে, বল করেন হাসান আলী। ২৩ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন।
প্রথম সেশন শেষ হতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। বৃষ্টির কারণে মধ্যাহ্ন বিরতি শেষে নির্ধারিত সময়ে দ্বিতীয় সেশন শুরু হয়নি। বেলা ১২টা ৪০ এর দিকে শুরু হয়ে বৃষ্টি। বজ্রসহ বৃষ্টি হয়েছে। মাঝে ভারী বর্ষণের পর থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে, বৃষ্টি একেবারে থামেনি। মিরপুরের আউটফিল্ডে পানি জমে। প্রায় তিন ঘণ্টা ধরে বন্ধ ছিল খেলা। লম্বা বিরতির পর শুরু হয় ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা। 
৩৮৬ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। আর বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪১৩ রান।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস : ১১৭.১ ওভারে ৪১৩/১০

পাকিস্তান প্রথম ইনিংস : ১০০.৩ ওভারে ৩৮৬/১০

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৫০.৩ ওভারে ১৫২/৩ (জয় ৫, সাদমান ১০, মুমিনুল ৫৬, শান্ত ৫৮*, মুশফিক ১৬*; শাহিন ১২-২-৩৯-১, আব্বাস ১৪-৩-৩৫-১, হাসান ১১.৩-২-২৩-১, সালমান ৫-০-১৮-০, নোমান ৮-০-৩২-০)

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ