ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অবসরকালীন পদোন্নতি ও ওভারটাইম ভাতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:৪৩:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৪:৪৩:৪৪ অপরাহ্ন
পুলিশের অবসরকালীন পদোন্নতি ও ওভারটাইম ভাতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি:   দীর্ঘ সময় একই পদে কর্মরত থেকে পদোন্নতি ছাড়াই অবসরে যাওয়া পুলিশ সদস্যদের জন্য বিশেষ পদোন্নতি এবং অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে তাদের সব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে।
আজ রোববার (১০ মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অনেক কনস্টেবল ৪০ বছর চাকরি করে পদোন্নতি ছাড়াই অবসরে যান, যা অত্যন্ত দুঃখজনক। এই বঞ্চনা দূর করতে সরকার বিশেষ নীতিমালা করছে। সন্তোষজনক চাকরির রেকর্ড থাকলে অবসরকালীন সময়ে কনস্টেবলদের অনারারি এএসআই, এএসআইদের অনারারি এসআই এবং এসআইদের অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হবে।
অতিরিক্ত কর্মচাপের কথা বিবেচনা করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদ পর্যন্ত পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা প্রবর্তনের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, এটি সদস্যদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা চিন্তা করে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আরও আধুনিকায়ন এবং নতুন হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন যুগোপযোগী আইন প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দেশে ‘মব কালচার’ বা গণপিটুনির সংস্কৃতি পুরোপুরি বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে আরও কঠোর করা হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের সভাপতিত্বে সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ