ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ  ও সাংবিধানিক সংস্কার নিয়ে ছলচাতুরী করছে সরকার : নাহিদ ইসলাম

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৬:১২:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৬:১২:৫৭ অপরাহ্ন
জুলাই সনদ  ও সাংবিধানিক সংস্কার নিয়ে ছলচাতুরী করছে সরকার : নাহিদ ইসলাম ফাইল ছবি
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি:   জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেল ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় এমন অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে সরকার টালবাহানা করছে। তারা এটাকে এড়িয়ে যেতে চায়। কিন্তু জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে।
তিনি বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ নিয়ে কোনো ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না।
বিএনপির সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে। এর মাধ্যমে বিএনপি মূলত জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে।
এরপর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। এরপরও সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ