ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৭:৩৭:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৭:৩৭:৩৭ অপরাহ্ন
৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত রোববার (১৯ এপ্রিল) মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আজ সোমবার তিনি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে কুয়ালালামপুরে অনুষ্ঠিত 'দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ)' এবং 'ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটসেক এশিয়া) ২০২৬' প্রদর্শনী পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এই প্রতিরক্ষা প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এবং সর্বাধুনিক নিরাপত্তা সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।
আইএসপিআর আরও জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান আগামী ২১ এপ্রিল ৮ম 'পুত্রজায়া ফোরামে' অংশগ্রহণ করবেন। এই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
সফরকালীন সময়ে মালয়েশিয়ার উচ্চপদস্থ সামরিক ও অসামরিক প্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের কথা রয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ