ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কাজ শুরু হচ্ছে : তথ্যমন্ত্রী

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৬:৪২:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৬:৪২:৫৬ অপরাহ্ন
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কাজ শুরু হচ্ছে : তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বাংলা রিলিজ, তথ্যপ্রযুক্তি ডেস্ক:   খুব শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে।

আজ রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ।
জহির উদ্দিন স্বপন বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড গেজেট আকারে প্রকাশিত হলেও সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য দেখা দেওয়ায় তা কার্যকর করা সম্ভব হয়নি। বর্তমানে ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে ছয়টি রিট বা সিভিল পিটিশন চলমান রয়েছে। এই আইনি এবং অন্যান্য জটিলতা নিরসনের পাশাপাশি নতুন করে ১০ম ওয়েজবোর্ড গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের মর্যাদা রক্ষা, সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল গঠন করা হয়েছে। এ ছাড়া হুমকি, হামলা বা ডিজিটাল হয়রানির শিকার সাংবাদিকদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা, নারী সাংবাদিকদের জন্য বিশেষ সুবিধা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ এবং জেলা পর্যায়ে সাংবাদিক সুরক্ষা উদ্যোগসহ সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলার কাজ চলছে। অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি পূর্ণাঙ্গ অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে ১৯৭৪ সালে প্রণীত প্রেস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করার প্রক্রিয়াও চলমান রয়েছে। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পেশাগত কাজ করতে অক্ষম, শারীরিকভাবে অসুস্থ ও চিকিৎসার ব্যয় নির্বাহে অসমর্থ সাংবাদিকদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত মোট এক হাজার ১১০ জন সাংবাদিক ও তাদের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি এবং ২০২৬ সালের রমজানে দুই হাজার সাংবাদিক পরিবারকে ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে চারটি সরকারি টিভি চ্যানেল রয়েছে। ৫৫টি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন থাকলেও বর্তমানে ৩৭টি পূর্ণ সম্প্রচারে রয়েছে। নতুন কোনো টিভি চ্যানেলের অনুমোদন বর্তমানে প্রক্রিয়াধীন নেই।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ