অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না : ইরান
আপলোড সময় :
১৮-০৪-২০২৬ ১২:৫১:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৪-২০২৬ ১২:৫১:২৪ অপরাহ্ন
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নৌ অবরোধ চলতে থাকলে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। লেবাননে যুদ্ধবিরতির পর কৌশলগত এই জলপথ পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আজ শনিবার (১৮ এপ্রিল) এ হুমকি দেয় তেহরান।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে এক পোস্টে বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। তিনি আরও জানান, এই প্রণালিতে চলাচলের জন্য ইরানের অনুমতি প্রয়োজন হবে। খবর এএফপির।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মার্কিন অবরোধকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, যাকে তারা নৌ অবরোধ বলছে, তার যথাযথ জবাব দেওয়া হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি খুব কাছাকাছি। তবে তিনি স্পষ্ট করেছেন, চুক্তি না হলে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তিনি আরও জানান, পরিস্থিতি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২১টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বৈশ্বিক অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। ফলে এই পথ নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তান উভয় পক্ষকে দ্রুত চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। যদিও উভয় পক্ষই সমঝোতার কাছাকাছি থাকার কথা বলছে, তবুও প্রণালি ও অবরোধ ইস্যুতে মতপার্থক্য এখনও রয়ে গেছে।
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত মানুষজন নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান এখনও শেষ হয়নি।
অন্যদিকে হিজবুল্লাহও জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে কোনো লঙ্ঘন হলে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স