ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের সাক্ষাৎকার আজ

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:৩৩:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:৩৩:০৬ পূর্বাহ্ন
বিএনপির মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের সাক্ষাৎকার আজ ফাইল ছবি

  তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শুক্রবার পাঁচটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। এরপর শনিবারও দলীয় ফরম গ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
রুহুল কবির রিজভী আরও জানান, সাক্ষাৎকার কার্যক্রমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন। দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় অতীতে নির্যাতনের শিকার, মিথ্যা মামলায় অভিযুক্ত এবং রাজনৈতিকভাবে সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও যোগাযোগ দক্ষতাও মনোনয়ন বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়নের জন্য মোট ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং ফরম জমা দেয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২২ ও ২৩ এপ্রিল। এরপর ২৬ এপ্রিল আপিল গ্রহণ করা হবে এবং তা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। দলীয় বণ্টন অনুযায়ী বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ