ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৭:০১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৭:০১:৫৯ অপরাহ্ন
নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন বাংলাদেশের নিউজিল্যান্ড

বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:   নিউজল্যান্ড মূল দল পাঠায়নি।  সেই হিসেবে শক্তিমত্তায় পিছিয়ে থাকবে কিউইরা। বাংলাদেশ সেটি মানতে নারাজ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মূল দল, ‘বি’ দল বলে কথা নেই। খেলার মধ্যে আছে সবাই। মাঠে লড়াইটা তাই হবে চোখে চোখ রেখে। একদিকে কিউইদের প্রমাণের মঞ্চ, অন্যদিকে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের চ্যালেঞ্জ।

একে তো ঘরের মাঠ, তার ওপর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে প্রতিটি সিরিজ গুরুত্বপূর্ণ। এমন চাপ নিয়েই নিউজিল্যান্ডকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল)। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
মিরপুরের পিচ বরাবরই রহস্যময়। একেক সময় একেক আচরণ করে উইকেট। দিবারাত্রির ম্যাচ দিনের আলোয় সরিয়ে আনার পর পিচ নিয়ে ফের কৌতূহল তৈরি হয়েছে। আজ সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের কাছে উইকেট প্রসঙ্গে জানতে চাওয়া হয়।
উইকেটের চেয়ে খেলোয়াড়দের ছন্দে থাকাকে বেশি গুরত্ব দিয়েছেন মিরাজ। পারফর্ম করলে যে কোনো উইকেটে খেলা যায় বলে মত তার— ‘পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো উইকেটে খেলেছি। এই সিরিজটাও ভালো উইকেটে খেলার চেষ্টা করব। প্লেয়াররা সবাই যদি পারফর্ম করে খেলতে পারে, উইকেট ম্যানেজ করা যাবে।
মিরপুরের উইকেট নিয়ে কিউই অধিনায়ক টম লাথামের ভাবনা— ‘উইকেট ভালোই মনে হচ্ছে। মনে হচ্ছে, স্পিন কিছুটা ভূমিকা রাখবে। বাংলাদেশ এখন আগের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। এখানে গরম নিউজিল্যান্ডের চেয়ে বেশি। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের ভালোভাবে মানিয়ে নিতে হবে। আমরা যেন সজীব থাকতে পারি। কাল ১০০ ওভার খেলার জন্য যেভাবে প্রস্তুত হওয়া দরকার, সেভাবেই এগোচ্ছি আমরা।
নিউজিল্যান্ডের মূল দল না আসলেও এই দলটাকে হালকা করে দেখছেন না বাংলাদেশ কোচ ফিল সিমন্স। আন্তর্জাতিক ক্রিকেটে এসব ভাবার সুযোগ নেই মনে করেন সিমন্স। তার কাছে এই দলটাকে যথেষ্ট পরিণত মনে হয়েছে।
সিমন্সের মতে,  ‘আমি দ্বিতীয় সারির দল বলব না। আমার মনে হয় যে কোনো দেশ যে দল পাঠায় সেটাই তাদের সেরা দল, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশের ক্ষেত্রে। সেখানে সবসময় নতুন খেলোয়াড় উঠে আসে। এই খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই অনেক ম্যাচ খেলেছে। হতে পারে তাদের কেউ কেউ আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, কিন্তু জীবনে অনেক ক্রিকেট খেলেছে। তাই দ্বিতীয় দল ভাবার সুযোগ নেই।
স্বাগতিকদের লক্ষ্য সিরিজ জয়। তবে, মিরাজ চান ম্যাচ ধরে ধরে এগোতে। প্রতিপক্ষকে খাটো করে না দেখে, নিজেদের দিকে নজর দিচ্ছেন অধিনায়ক। তার কাছে শুরুটা গুরুত্বপূর্ণ।
‘যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, সেহেতু ধরে ধরে এগোতে চাই। প্রথম ম্যাচটা জিততে চাই। প্রতিপক্ষকে ছোট করে দেখার কিছু নেই। যেহেতু র‍্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে, আমাদের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ’— সংবাদ সম্মেলনে বলেন মিরাজ।
নিউজিল্যান্ডও এসেছে সিরিজ জিততে। বাংলাদেশ সফরের দলে সবচেয়ে অভিজ্ঞ ধরা হচ্ছে টম লাথামকে। নেতৃত্বেও থাকছেন তিনি। তার মতে, ‘দলের সবার প্রধান লক্ষ্য সিরিজ জেতা। আমরা জানি এটি করতে গেলে আমাদের অনেক কিছু করতে হবে। প্রতিটি ম্যাচ থেকে শিখতে হবে আমাদের এবং উন্নতি (পরের ম্যাচে) করতে হবে।’
সর্বশেষ পাকিস্তান সিরিজে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। অভিন্ন দল নিয়ে নিউজিল্যান্ড মিশনে নামছে স্বাগতিকরা। যেখানে কিউইদের স্কোয়াডের মাত্র তিনজন এর আগে বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। পাঁচজন অবশ্য ‘এ’ দলের হয়ে বাংলাদেশ ঘুরে গিয়েছেন। তবু, সার্বিক বিবেচনায় এগিয়ে থাকবেন সিমন্সের শিষ্যরা।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ