ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৮:০০:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৮:০০:১৩ অপরাহ্ন
২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান

আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  আগামী ২০ এপ্রিল তার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম বগুড়া সফর। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন। ব্রিফিংয়ে জানানো হয়, ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌঁছাবেন। তার এই সফর ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ওইদিন বগুড়া জেলা জজ কোর্টে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রম এবং বার সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। এরপর দীর্ঘ প্রতীক্ষিত বগুড়া পৌরসভাকে ‘সিটি কর্পোরেশন’ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি।
বগুড়া শহর ছাড়াও প্রধানমন্ত্রী গাবতলীর বাগবাড়ীতে তার পৈতৃক ভিটায় যাবেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন। সফরের শেষ কর্মসূচিতে বিকেল ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলন শেষে প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সংশ্লিষ্ট ভেন্যুগুলো পরিদর্শন করেন। এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ