নারী ক্রিকেটারদের সুখবর দিল আইসিসি
আপলোড সময় :
১৩-০৪-২০২৬ ০৯:০১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৪-২০২৬ ০৯:০১:৩৩ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক: পুরুষদের তুলনায় নারী ক্রিকেটাররা কম অর্থ পান, তা নিয়ে সবসময়ই আলোচনা-সমালোচনা হয়। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই সমালোচনা বন্ধ করল আইসিসি। ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। আজ সোমবার (১৪ এপ্রিল) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এবারের আসরে মোট প্রাইজমানি হিসেবে রাখা হয়েছে প্রায় ৮.৭৬ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গত আসরের তুলনায় এবার প্রাইজমানি প্রায় ১০ শতাংশ বাড়ানো হয়েছে। এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২টি করা হয়েছে, যা টুর্নামেন্টের পরিধি ও প্রতিযোগিতার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার বা ২৮ কোটি ৮০ লাখ টাকারও বেশি। আর রানার্সআপ দলের জন্য বরাদ্দ ১১ লাখ ৭০ হাজার ডলার বা ১৪ কোটি ৪০ লাখ টাকার বেশি। সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুটি দল ৬ লাখ ৭৫ হাজার ডলার করে এবং গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ ডলার বরাদ্দ রয়েছে।
কোনো ম্যাচ না জিতলেও প্রতিযোগী দেশগুলোর পকেটে ঢুকবে আকর্ষণীয় অঙ্কের অর্থ। বিশ্বকাপ খেলতে যাওয়া প্রতিটি দল পাবে ন্যূনতম ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার (প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা) করে। ফলে বিশ্বকাপে অংশ নিয়েই বাংলাদেশ পকেটে পুরবে ৩ কোটি ৫ লাখ টাকা।
১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের ৭টি ভেন্যুতে বসবে এই আসর। আগামী ১২ জুন এজবাস্টনে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে স্বাগতিক ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।
আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত বলেন, নারী ক্রিকেটের অগ্রগতি দ্রুততার সঙ্গে ঘটছে এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরের ১২ প্রতিযোগী ও সম্মিলিত প্রাইজমানিও রেকর্ড অবস্থানে। যা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জোরালো ইঙ্গিত এবং খেলাটি বৈশ্বিকভাবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স