ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১১:৩০:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১১:৩০:২৯ পূর্বাহ্ন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান ঠিকাদার এসএম জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঠিকাদার এসএম জাহাঙ্গীর আলম ও সাব-ঠিকাদার শাহ আলমকে আসামি করে বাসাইল থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।
গ্রেপ্তার শাহ আলম (৪৪) রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে বাসাইল পৌরসভার মাইজখাড়া সেতুর কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরির সময় রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয়রা বিষয়টি দেখে কাজ বন্ধ করে দেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে স্থানীয়রা চলে গেলে আবার কাজ শুরু করে ঢালাই শেষ করার অভিযোগ ওঠে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ঘটনার পর মঙ্গলবার বিকেলে সেতুটি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মুহাম্মদ ছাদেক। বিষয়টি তদন্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে। কমিটিকে এক দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি কাজের ত্রুটি সংশোধন এবং গাফিলতির বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়েছে।
বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, ঠিকাদার এসএম জাহাঙ্গীর ও সাব-ঠিকাদার শাহ আলম কর্তৃপক্ষের অনুপস্থিতিতে রাতে গোপনে ওয়াকওয়ে ও ফুটপাতের ঢালাইয়ের কাজ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়। তিনি বলেন, সেতুটিতে ল্যাব টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার ফল ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগে উপজেলা প্রকৌশলী মামলা করেছেন। মামলায় শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা গেছে, বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটি নির্মাণ করছে মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির এন্টারপ্রাইজ (জেবি)। ২০২২ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে সময় বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ