রাজধানীর পল্লবীতে বাসে আগুন
আপলোড সময় :
২০-০৯-২০২৬ ০৪:৪২:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৯-২০২৬ ০৪:৪২:৫০ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: হঠাৎ একের পর এক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে আগুন লাগানোর ঘটনা ঘটছে রাজধানী ঢাকায়। এরই ধারাবাহিকতায় এবার মিরপুরের পল্লবীতে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার সিরামিক রোডে এই ঘটনা ঘটে।
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন করে আমাকে জানায় পরিস্থান বাসটিতে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাসটি পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টার থেকে সাড়ে সাতটার মধ্যে পার্কিং করা অবস্থায় পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
একইদিন মাত্র ১৫ মিনিটের ব্যবধানে এই দুই বিস্ফোরণের ঘটনা ঘটেছে হাইকোর্ট ও শিল্পকলা একাডেমির সামনে। দুপুর দেড়টার দিকে শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। আর হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে দুপুর সোয়া ১টার দিকে।
এর আগে, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার পর রাজধানীর শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তার আগে সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন অংশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরিত হয়। এতে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন।
ককটেল বিস্ফোরণের এসব ঘটনার পাশাপাশি শনিবার সন্ধ্যা ও রাতে রাজধানীর মিরপুর, মধ্যবাড্ডা এবং দক্ষিণ কেরানীগঞ্জে তিনটি বাস ও একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্ধ্যায় মিরপুরে দুটি বাসে এবং মধ্যবাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা।
এছাড়া, গত শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি এলাকায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেট এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এছাড়া, কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এদিকে রাজধানী ঢাকায় দুইদিন ধরে একের পর এক এই ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জন্য কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগকে দায়ী করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই রাজধানীতে এসব নাশকতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স