ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না : রিজভী

আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৮:৫৫:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৮:৫৫:৩৯ অপরাহ্ন
গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না : রিজভী ফাইল ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই দীর্ঘমেয়াদে মাথাচাড়া দিয়ে উঠতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্র শক্তিশালী থাকলে জনগণকেও ক্রীতদাসে পরিণত করার সুযোগ থাকে না।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে  গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান রিজভী। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। দিবসটি উপলক্ষে বিশ্বের গণতন্ত্রকামী মানুষের প্রতিও শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এখনও একদলীয় শাসন ও কর্তৃত্ববাদী রাজনীতির প্রভাব রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও দীর্ঘ সময় নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবাধিকারের ওপর আঘাত এসেছে বলে অভিযোগ করেন তিনি। 
রিজভী আরও বলেন,  বিভিন্ন আইন ও বিধিনিষেধের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল। পাশাপাশি ভিন্নমতের কারণে অনেকে গুম, হত্যাকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, তাকে ‘মিথ্যা ও সাজানো’ মামলায় কারাগারে রাখা হয়েছিল। একইভাবে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্যাতন চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ভাষ্য, দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকট ও আন্দোলনের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের পতন ঘটে। এরপর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি। তবে শুধু সরকার পরিবর্তন নয়, গণতন্ত্রকে দীর্ঘস্থায়ী করতে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন রিজভী।
তিনি বলেন, গণতন্ত্র কার্যকর রাখতে নিয়মিত ও নিরপেক্ষ নির্বাচনের ধারা অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং আইনের শাসন নিশ্চিত না হলে গণতন্ত্র পূর্ণতা পাবে না।
রিজভী আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নারী-পুরুষসহ সব লিঙ্গের মানুষের সমান অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত হওয়া প্রয়োজন। লিঙ্গের ভিত্তিতে বৈষম্য দূর করে সবার জন্য সমান আইনি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠাই গণতন্ত্রের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
রিজভী বলেন, দীর্ঘ রাজনৈতিক দুঃসময় পেরিয়ে স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয়েছে। এখন একটি কার্যকর, শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ