ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি হলুদ সাংবাদিকতাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন : আইনমন্ত্রী

আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৭:১৭:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৭:১৭:৩৭ অপরাহ্ন
বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি হলুদ সাংবাদিকতাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন : আইনমন্ত্রী ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ইয়েলো জার্নালিজম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাইবার আইন-২০২৬ যথেষ্ট নয়, এমন মতামতের পর আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাকস্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য একটি উপকমিটিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের কোনো পরামর্শ থাকলে তা সংশ্লিষ্ট কমিটিতে আলোচনার জন্য উপস্থাপন করা হবে।
আইনমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোরভাবে দমন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির কোনো নেতা যদি এ পথে বাধা হয়ে দাঁড়ায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা তাকেও বিবেচনায় নেওয়া হবে না।
বিচার বিভাগের বিভিন্ন সংকট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অতীতে কয়েকজন বিচারপতি অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত না হলেও বুদ্ধিবৃত্তিক দুর্নীতির মাধ্যমে দেশের গণতন্ত্র ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত করেছেন। বিচারব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার এখন সেটি মেরামতের কাজ করছে।
এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভায় যোগ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার, সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের নারী সংসদ সদস্য বীথিকা বিনতে হোসেন, খুলনা রেঞ্জ ডিআইজি, মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, বিজিবি ও র‌্যাবের অধিনায়ক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনজীবী সমিতির নেতা, প্রেসক্লাবের প্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ