ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট

আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৪:৫৯:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৪:৫৯:৫০ অপরাহ্ন
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ফের বাড়তে থাকায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি ছাড়ার কার্যক্রম শুরু হয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। এ সময় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৫১ ফুট।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য ঝুঁকি কমাতে আগাম ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের গেট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে গেটগুলো আবার বন্ধ করার কথা রয়েছে।
এর আগে গত ২৯ আগস্ট হ্রদের পানি ১০৬ দশমিক ১ ফুট এমএসএল-এ পৌঁছালে একইভাবে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়। পরে পানির পরিস্থিতি বিবেচনায় গেট খোলার মাত্রা ধাপে ধাপে বাড়ানো হয়। একপর্যায়ে প্রতিটি গেট ৩ ফুট পর্যন্ত খোলা হলে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।
পরিস্থিতির উন্নতি ও পানির উচ্চতা কমে যাওয়ার পর গেটগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হয়। তবে সাম্প্রতিক বৃষ্টিপাত ও উজান থেকে পানি আসায় হ্রদের পানির উচ্চতা ফের বাড়তে শুরু করায় শুক্রবার সকালে জলকপাটগুলো পুনরায় খোলা হয়েছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে হ্রদের পানি ১০৫ দশমিক ৫১ ফুট উচ্চতায় রয়েছে। ঝুঁকি এড়াতে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়া হচ্ছে। পানি ১০৫ ফুটে নেমে এলে গেট বন্ধ করে দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির উচ্চতা দ্রুত বাড়লে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী স্পিলওয়ের গেট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ