ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসআইকে পিটিয়ে হত্যায় ৮ আসামি রিমান্ডে

আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৭:২২:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৭:২২:০০ অপরাহ্ন
এসআইকে পিটিয়ে হত্যায় ৮ আসামি রিমান্ডে ফাইল ছবি
মাহবুবুল আলম,  কোর্ট  প্রতিনিধি:  সাভারের আমিন বাজারে বিশেষ শাখার পুলিশের উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার আটজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আমিনবাজার পুলিশ ক্যাম্প সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির আল আহসান আসামিদের হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক ছয় আসামিকে পাঁচ দিন এবং বাকি দুইজনের তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
পাঁচদিন রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—মো. আলাউদ্দিন (২৯), মো. আপন (২৬), মো. জিহাদ (২৩), ইমরান হোসেন (২৫), নূর মোহাম্মদ রুদ্র (২৪) ও মো. গোলাম রাব্বি (২২) এবং দুই দিন রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—বিল্লাল (৩৪) ও দেলোয়ার (৩৩)।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর এই মামলার প্রধান আসামি জহুরুলকে (৩২) পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বরদেবী পশ্চিমপাড়ায় আবুল কালাম আজাদের আটোগ্যারেজের সামনে এক ব্যক্তির অটোরিকশা রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। সেটা থামাতে গিয়ে আসামিদের তোপের মুখে পড়েন পুলিশ সদস্য মো. আলতাব হোসেন। প্রাণ বাঁচাতে তিনি তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্র্যান্ড ফ্যাশন’-এ আশ্রয় নিলে রাত ৮টা ১০ মিনিটের দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। আরও বলা হয়, আসামিরা আলতাব হোসেনকে রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ছেলে আরিফুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এছাড়া তারা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে পাঁচ লাখ টাকার ক্ষতি এবং ক্যাশ বাক্স থেকে দুই লাখ ২০ হাজার টাকা চুরি করে। পরে আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ও ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়।
এই ঘটনায় নিহতের স্ত্রী শিউলী পারভীন বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ১৫ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ