মিথিলার সঙ্গে সম্পর্ক কি শেষ? সৃজিতের মন্তব্যে জোরালো জল্পনা
আপলোড সময় :
০৭-০৯-২০২৬ ১২:০৯:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৯-২০২৬ ১২:০৯:২৭ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: ভারতের টলিউডের অন্যতম আলোচিত ও সফল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নির্মাণের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে।
বিশেষ করে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা জল্পনা তৈরি হয়েছে।
সম্প্রতি ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের অতীত সম্পর্ক, প্রাক্তনদের সঙ্গে বর্তমান যোগাযোগ এবং একাকীত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন সৃজিত।
তার কিছু মন্তব্য নতুন করে উসকে দিয়েছে মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে পুরোনো জল্পনা।
অনুষ্ঠানে সঞ্চালিকা সৃজিতকে প্রশ্ন করেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি কি কোনো ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করেন? জবাবে একাকীত্বের বিষয়টি সরাসরি স্বীকার করেন পরিচালক।
‘তুমি কি একাকীত্ব বোধ করো?’- এমন প্রশ্নের উত্তরে সৃজিত বলেন, ‘কখনও কখনও করি... হ্যাঁ, কখনও কখনও।’
তবে একাকীত্ব তাকে দীর্ঘক্ষণ গ্রাস করে রাখতে পারে না বলেও জানান তিনি।
কাজ, গান, ক্রিকেট এবং বন্ধুদের সঙ্গই তার পৃথিবীকে আবারও আলোকিত করে তোলে।
নিজের অতীত সম্পর্ক নিয়েও কথা বলেছেন সৃজিত। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কিংবা ঋতাভরী চক্রবর্তীর মতো প্রাক্তনদের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলালেও সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ এখনো রয়েছে বলে জানান তিনি।
স্বস্তিকার প্রসঙ্গে সৃজিত বলেন, তার কোনো সমস্যা, প্রয়োজন কিংবা সংকট তৈরি হলে তিনি একটি ফোন কলের দূরত্বে থাকবেন।
সম্পর্ক ভেঙে যাওয়ার পরও কেন এমন বন্ধুত্ব টিকে থাকে, তার ব্যাখ্যাও দিয়েছেন পরিচালক। তার মতে, দুজন মানুষ যদি সত্যিকারের বন্ধু হন, তাহলে সম্পর্কের ধরন বদলে গেলেও সেই স্নেহ ও উদ্বেগ থেকে যায়।
আড্ডায় সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও ওঠে। একসময় তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানান সৃজিত। তবে সেই সম্পর্কের কোনো নির্দিষ্ট লেবেল দিতে চাননি তিনি। সৃজিতের কথায়, ‘সব সম্পর্কের লেবেল হয় না।’ একসময় তারা অত্যন্ত ঘনিষ্ঠ থাকলেও সময়ের সঙ্গে সেই ঘনিষ্ঠতা কমেছে। বর্তমানে দুজনের মধ্যে আগের মতো ঘনিষ্ঠতা না থাকলেও একে অপরের শুভাকাঙ্ক্ষী বলে জানান তিনি।
জীবনের এই পরিবর্তনকে রেলযাত্রার সঙ্গে তুলনা করে সৃজিত বলেন, জীবন আসলে একটি যাত্রা। কেউ কয়েকটি স্টেশন পর ট্রেন থেকে নেমে যায়, আবার হয়তো অন্য কোনো ট্রেনে উঠে পড়ে।
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করার পর প্রায় ছয় বছর কেটে গেছে সৃজিতের। তবে তাদের সংসারজীবন নিয়ে শুরু থেকেই নানা আলোচনা রয়েছে। বিশেষ করে গত তিন বছরে একাধিকবার সৃজিত-মিথিলার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।
এবারের সাক্ষাৎকারে অবশ্য সরাসরি মিথিলার প্রসঙ্গ ওঠেনি। কিন্তু নিজের জীবনে ‘স্থায়ী সঙ্গী’র অভাব এবং মাঝে মাঝে একাকীত্ব অনুভব করার কথা সৃজিত নিজেই বলায় নতুন করে প্রশ্ন উঠেছে- তাহলে কি সৃজিত-মিথিলার সম্পর্ক ভেঙে গেছে?
তবে সৃজিতের বক্তব্যকে সরাসরি বিচ্ছেদের ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ সাক্ষাৎকারে তিনি মিথিলার সঙ্গে তার বর্তমান বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার কথা সরাসরি বলেননি। ফলে পরিচালকের মন্তব্য আপাতত নতুন জল্পনারই জন্ম দিয়েছে।
বলে রাখা যায়, সংগীত তারকা তাহসান ও মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন ২০০৬ সালে। দীর্ঘ ১১ বছরের সংসারে ইতি টেনে ২০১৭ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন মিথিলা।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স