বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল গ্রামবাসী!
আপলোড সময় :
০৭-০৯-২০২৬ ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৯-২০২৬ ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর যৌথ তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয় এবং অনুপ্রবেশকারীরা ভারতে ফিরে যেতে বাধ্য হয়। এ ঘটনার পর অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে বিজিবি ও স্থানীয়রা লাঠি হাতে কড়া সতর্ক অবস্থানে রয়েছে।
গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রাতে বিএসএফ সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়া পার করে প্রায় ২৪ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ২৮ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। তাৎক্ষণিকভাবে গ্রামবাসী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিএসএফ ও ভারতীয় পুলিশ ওই নাগরিকদের ফেরত নিতে বাধ্য হয়। এরপর পাশের আরেকটি এলাকা দিয়ে দ্বিতীয় দফায় পুশইনের চেষ্টা করা হলে গ্রামবাসীর বাধার মুখে সেটিও পণ্ড হয়ে যায়।
ঘটনার পর থেকে গোবিন্দপুর সীমান্ত এলাকার পুরুষ ও নারীরা লাঠি হাতে বিভিন্ন মোড়ে পাহারায় বসছেন। শূন্যরেখায় নজরদারি বাড়ানোর পাশাপাশি বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্থানীয়রাও সীমান্তে টহল দিচ্ছেন।
দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সহায়তায় বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স