সুনামগঞ্জে সংঘর্ষ, নিহত ২
আপলোড সময় :
০৯-০৪-২০২৬ ১২:৩২:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-০৪-২০২৬ ১২:৩২:৩৩ পূর্বাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় আলাদা দুটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। ধান শুকানোর খলার (মাঠ) ওপর দিয়ে ট্রলি চালানো এবং একটি রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে এই জোড়া খুনের ঘটনা ঘটে।
আজ বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার রফিনগর ইউনিয়নের সাদিরপুর ও রফিনগর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উভয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেলে সাদিরপুর গ্রামের মোশাহিদ মিয়ার ধান শুকানোর খলার ওপর দিয়ে ট্রলি নিয়ে যায় একই গ্রামের হোসাইন আহমেদের লোকজন। এ ঘটনার জেরে সন্ধ্যার পর দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে টেঁটার আঘাতে মোশাহিদ মিয়ার পক্ষের আব্দুল হামিদের ছেলে আহাদ নুর (২৭) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আহাদ নুরের বাবা আব্দুল হামিদ (৬০), আবু সুফিয়ান (২৬), রুবেল মিয়া (৪০) ও মোফাজ্জল হোসেন (৪২) আহত হয়েছেন।
অন্যদিকে, একই সময়ে রফিনগর গ্রামে একটি রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে আশরাফ উদ্দিন ও শফিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আশরাফ উদ্দিনের পক্ষের গিয়াস উদ্দিন (৬০) নিহত হন। তিনি ওই গ্রামের মৃত তাহের আলীর ছেলে। এ সময় আবুল নছর (৫৫), আলী হায়দার (২০) ও শিবির আহমদ (৩০) আহত হয়েছেন।
ঘটনার বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, 'রফিনগর ও সাদিরপুর গ্রামে আলাদা সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স