ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১১ বছর পর আবারও এক হচ্ছেন রাজ-মিমি

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১২:৩৬:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১২:৩৬:০৪ অপরাহ্ন
১১ বছর পর আবারও এক হচ্ছেন রাজ-মিমি রাজ-মিমি
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:  একসময় টলিপাড়ায় বেশ আলোচিত ছিল রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর জুটি। একসঙ্গে একাধিক কাজও করেছেন তাঁরা। তবে ২০১৫ সালের পর আর রাজের সঙ্গে একই সিনেমায় দেখা যায়নি মিমিকে। দীর্ঘ ১১ বছরের সেই বিরতির পর এবার ফের একসঙ্গে কাজ করতে চলেছেন দুজন। তবে এবার পরিচালকের আসনে নয়, প্রযোজকের ভূমিকায় থাকছেন রাজ চক্রবর্তী।
মিমি চক্রবর্তীর অভিনয়জীবনের শুরুর দিকেই রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর পরিচয়। ‘গানের ওপারে’ ধারাবাহিকের পর রাজের পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয় করেন মিমি। এরপর ‘যোদ্ধা’তেও রাজের পরিচালনায় কাজ করেন তিনি। সবশেষ ২০১৫ সালে রাজের ‘কাটমুণ্ডু’ সিনেমায় দেখা গিয়েছিল মিমিকে।
এরপর কেটে গেছে ১১ বছর। এই দীর্ঘ সময়ে দুজনকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। ব্যক্তিগত সম্পর্কের কোনো সমীকরণ এর পেছনে প্রভাব ফেলেছিল কি না, তা নিয়ে নানা আলোচনা থাকলেও রাজ কিংবা মিমি কেউই বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি।
তবে এবার সেই দূরত্ব পেরিয়ে ফের একসঙ্গে কাজের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম টিভি৯ বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে মিমির কাছে নতুন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। জি ফাইভের জন্য নির্মিত হতে যাওয়া সিনেমাটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী।
এ বিষয়ে মিমির ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, সিনেমাটির বিষয়ে আলোচনা এগিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ দিকে শুটিং শুরু করবেন মিমি।
একসময় রাজ ও মিমির মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। পরবর্তী সময়ে সেই সম্পর্কের সমীকরণ বদলালেও পেশাগত জায়গা থেকে একে-অন্যের প্রতি সম্মান বজায় রেখেছেন দু‘জনই। এমনকি টিভি৯ বাংলার এক সাক্ষাত্‍কারে মিমিকে প্রশ্ন করা হয়েছিল, রাজের কাছ থেকে সিনেমার প্রস্তাব এলে কাজ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে মিমি স্পষ্ট জানিয়েছিলেন, ‘হ্যাঁ, অবশ্যই করব।’
অন্যদিকে রাজকেও এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল,রাজ-মিমি জুটি কবে ফিরবে? উত্তরে রাজ বলেন, ‘আমি মিমির সঙ্গে কাজ করব না, এরকম কোনো ব্যাপার নেই। মিমি দারুণ অভিনেত্রী। যদি ওঁর উপযুক্ত কোনো গল্প পাই, অবশ্যই প্রস্তাব দেব। মিমি সেই সিনেমা করবে কিনা, সেটা ও বলতে পারবে।’
তবে নতুন কাজটিতে পরিচালক নন রাজ। তিনি প্রযোজকের ভূমিকায় থাকবেন। তবে রাজ-মিমি জুটি যে ফিরছে, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। ২০২৫-এ দেব-শুভশ্রী গাঙ্গুলীর জুটি বড়পর্দায় ফেরার পর থেকেই প্রশ্ন ছিল রাজ-মিমি জুটি কবে ফিরবে। এবার রাজের তরফে সারভাইভাল থ্রিলারের প্রস্তাব গিয়েছে মিমির কাছে, যেখানে গল্পটির প্রধান মুখ নায়িকা। তবে এই ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থা বা নায়িকার তরফে। তাই সব কিছু জানতে, কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ