সুন্দরগঞ্জে কিশোরীবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
আপলোড সময় :
০১-০৯-২০২৬ ০৭:২০:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৯-২০২৬ ০৭:২০:১০ অপরাহ্ন
প্রতীকী ছবি
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিননিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে আশামণি (১৫) নামে এক কিশোরীবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে তার বাবা-মায়ের শয়নঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আশামণি ওই গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে ও কঞ্চিবাড়ি ইউনিয়নের কালির খামার গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ বাবার বাড়ির শয়নঘরের ধর্নার সঙ্গে আশামণিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম জানান, পুলিশ লাশ উদ্ধার করার সময় আশামণির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন উপস্থিত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সেলিম রেজা জানান, কিছুদিন আগে ভালোবেসে বিয়ে করেছিলেন আসাদুজ্জামান ও আশামণি। কয়েকদিন আগেই স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল সে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স