ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যার ক্লু পেয়েছে ট্রাইব্যুনাল

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৫:৩৩:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৫:৩৩:০৪ অপরাহ্ন
সাগর-রুনি হত্যার ক্লু পেয়েছে ট্রাইব্যুনাল ফাইল ছবি
বাংলা রিলিজ,  নিউজ ডেস্ক:  সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ক্লু পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অন্য একটি মামলার তদন্তপ্রক্রিয়া চলাকালে এসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যের সন্ধান মেলে বলে জানান তিনি।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার বা মূল তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় না থাকলেও প্রাসঙ্গিক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আমাদের তদন্ত সংস্থা করছে না, এটি অন্য সংস্থা করছে। তবে আমরা অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে এর ক্লু পেয়ে যাই—যেমনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক মেজর মোজাফফরের বিষয়ে পেয়েছিলাম।’
প্রাপ্ত তথ্যের বিষয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আমরা বেশ কিছু নাম-পরিচয় পেয়েছি, যা কৌশলগত কারণে এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে এটুকু নিশ্চিত করা যায়, দেশের একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের সরাসরি যোগসূত্র পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ওপর কড়া নজরদারি রাখা হয়েছে। তদন্তে আরও সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে তা পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।’
মামলার বিচারিক প্রক্রিয়া প্রসঙ্গে প্রসিকিউশন থেকে স্পষ্ট করা হয় যে, এটি একটি স্বতন্ত্র বা একক হত্যাকাণ্ড (ইন্ডিভিজুয়াল মার্ডার কেস)। তাই ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট দায়রা আদালতেই এর বিচারকাজ সম্পন্ন হবে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের সময় সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৭ আগস্ট ১২৯-তম বারের মতো প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন আদালত।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ