শিক্ষিকার ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে মৃত্যু
আপলোড সময় :
২৯-০৮-২০২৬ ০৭:৫৮:২২ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৮-২০২৬ ০৭:৫৮:২২ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন নিহত শিক্ষিকা। আজ ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন তিনি। এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি। এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স